অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, যতদিন তিনি দায়িত্বে আছেন, দেশের কোনো অনিষ্টকর কাজ তার দ্বারা হবে না।
রবিবার (২৫ মে) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, বৈঠকে ড. ইউনূস বলেন, “আমরা এখন এক ধরনের যুদ্ধাবস্থায় আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিসরে এক অস্থিতিশীলতা তৈরি হয়েছে। আমাদেরকে এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে। বিভাজন নয়, ঐক্যমত্য গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে যতটুকু অগ্রসর হয়েছি, তা ধরে রাখতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সাহস পেয়েছি, কারণ সবাই একসাথে বসতে পেরেছেন। আমি যদি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারি, তাহলে নিজেকে অপরাধী মনে করব।”
তিনি মন্তব্য করেন, “এই অভ্যুত্থান আমাদের একটি বিরল সুযোগ এনে দিয়েছে—একটি ভেঙে পড়া দেশকে নতুনভাবে গড়ে তোলা। তবে এক পক্ষ চায় যেন দেশ আবার গোলামিতে ফিরে যায়, সবকিছু ভেঙে পড়ে। এই ষড়যন্ত্র আমাদের রুখতে হবে।”
শেষে ড. ইউনূস বলেন, “আমি যতদিন আছি, দেশের অনিষ্ট হবে—এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না। এটা জনগণ নিশ্চিত থাকতে পারে।”

মন্তব্য করুন