বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডা. মাজহারুল আলম বলেছেন, শুধু ১৬ জুন নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে প্রতিটি দিনই ছিল কালো দিবস।

সোমবার (১৬ জুন) বিকেলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. মাজহারুল আলম আরও বলেন, সাংবাদিকদের মধ্যে আদর্শিক মতপার্থক্য থাকতে পারে, তবে দেশপ্রেমে বিভেদ চলতে পারে না। দেশের স্বার্থে সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গাজীপুর জেলার সদস্য সচিব অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি নাসির আহমেদ, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. রেজাউল বারী বাবুল, সাংবাদিক নেতা শামসুল হুদা লিটন, প্রিন্সিপাল হুমায়ুন কবির, গাজী খলিলুর রহমান, মাজহারুল ইসলাম কাঞ্চন প্রমুখ।

সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কলামিস্ট, শিক্ষক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box