চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪,৯৭৮ জন হাজিকে সর্বমোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বাড়িভাড়া ও সার্ভিস চার্জে সাশ্রয় হওয়ায় এই উদ্বৃত্ত অর্থ ফেরত যাচ্ছে হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে।
হজ প্যাকেজ অনুযায়ী প্রতিজনের ফেরতের পরিমাণ সর্বনিম্ন ৫,৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৩,৬৪২ টাকা পর্যন্ত। তিনি জালিয়াতি প্রতিরোধে সতর্ক করে বলেন, এ অর্থ ফেরতের জন্য কারো কাছ থেকে কার্ড নম্বর, বিকাশ/নগদ পিন কখনোই চাওয়া হবে না—যদি কেউ চায়, তবে তা নিশ্চিতভাবেই প্রতারণা।
এ বছর ৮৭,১৪৫ জন হজযাত্রী দেশে ফিরেছেন, মৃত্যুবরণ করেছেন ৪৫ জন, হারিয়ে যাওয়া ৮৯২ জনের মধ্যে ৮৯১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুধু একজন ৮২ বছর বয়সী হাজি এখনও নিখোঁজ। ধর্ম উপদেষ্টা জানান, ভবিষ্যতের হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও জবাবদিহিমূলক করতে সরকারের প্রস্তুতি চলমান রয়েছে।

মন্তব্য করুন