বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবজাতির কলঙ্ক’ আখ্যা দিয়ে বলেছেন, “হাসিনাকে কখনোই ক্ষমা করা যাবে না। তাঁর বিচার হবেই—এটাই আমাদের জাতীয় অঙ্গীকার।”

রোববার ঢাকায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা—সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এই আয়োজনে শহীদদের স্মরণে প্রতীকীভাবে নিমগাছ রোপণ করা হয়।

ফখরুল বলেন, “এক শহীদের মায়ের কান্না আমাকে নাড়িয়ে দিয়েছে। তাঁর ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে, লাশ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী জনগণের টাকায় চলে, অথচ তারাই আজ নাগরিক হত্যা করছে।”

তিনি আরও জানান, শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসনের জন্য বিএনপি একটি ফান্ড গঠন করবে এবং এ ব্যাপারে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনুরোধ জানানো হবে।

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box