তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ঝিনাইদহ জেলার ছয়টি থানায় চালু হয়েছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) কার্যক্রম। রোববার রাত ১২টায় সদর থানায় এই সেবার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

তিনি জানান, এখন থেকে gd.police.gov.bd ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে বাসা থেকেই সব ধরনের জিডি করা যাবে। রেজিস্ট্রেশনের পর জিডি দাখিল করলে থানার একজন তদন্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে নিযুক্ত হবেন। ব্যবহারকারী নিজেই জিডির অগ্রগতি অনলাইনে অনুসরণ করতে পারবেন, ফলে সময় ও ভোগান্তি কমবে এবং সেবার গতি বাড়বে।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, “প্রথমবার অনলাইনে জিডি করে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। এ উদ্যোগটি সত্যিই যুগোপযোগী।”
তবে তিনি আরও প্রচারের তাগিদ দেন, যাতে অধিক মানুষ এই ডিজিটাল সেবা সম্পর্কে জানে ও উপকৃত হয়।

Facebook Comments Box