২০২৪ সালের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ভোলায় বিজয় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। আজ বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় কালীনাথ রায়ের বাজারসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। হাজার হাজার নেতাকর্মী প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত হয়ে মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিছিল শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুন অর রশীদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

মন্তব্য করুন