আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব তার স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করার চেষ্টার অভিযোগে মামলা করেছেন।

বুধবার (৬ আগস্ট) ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে সমন জারি করেছেন।

সানাইয়ের আইনজীবী মিঠুন সাহা জানান, বিয়ের পর সানাইকে তার স্বামী ২২ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। এর আগে সানাই নিজের জমানো ১২ লাখ এবং বাবার ৭ লাখসহ মোট ১৯ লাখ টাকা দিয়েছিলেন স্বামীকে। তবে টাকা নষ্ট হয়ে যাওয়ার পর আবারও ২২ লাখ টাকা দাবি করেন আবূ সালেহ।

অভিযোগে বলা হয়, যৌতুক দিতে অস্বীকৃতি জানানোয় সানাইকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি দেহ ব্যবসায় নামানোর জন্য চাপ দেন তার স্বামী। এমনকি সংসার না করার হুমকি ও অন্যত্র বিয়ে করার কথাও জানান।

২০২২ সালের ২৭ মে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় সানাইয়ের পরিবার থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র দেওয়া হয়, যা এখনও স্বামীর কাছে রয়েছে।

সানাই অভিযোগে আরও উল্লেখ করেন, তিনি বহুবার পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছেন এবং ৭ ও ২২ জুলাই দুটি লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু আবূ সালেহ ৩১ জুলাই এসে সাফ জানিয়ে দেন—যৌতুক ছাড়া সংসার নয়।

শোবিজে ক্যারিয়ার শুরুর পর আলোচনায় আসা সানাই মাহবুব পরে ছোট পর্দায়ও কাজ করেছেন। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচনায় আসছেন তিনি।

Facebook Comments Box