বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ সকালে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে বান্দরবান রাজার মাঠে
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে.এস মং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ডাক্তার মং উষা থোয়াই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাস্টার, বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট উবা থোয়াই মারমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন আদিবাসীরা এই অঞ্চলের ভূমিপুত্র হলেও তাদের অধিকার খর্ব করে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। আদিবাসীরা তাদের হারানো গৌরব এবং সকল অধিকার ফিরে পেতে সরকারের নিকট আবেদন জানান।
বক্তারা আরো বলেন, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংবিধানিক স্বীকৃতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ভূমির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে, বাদ্যযন্ত্রের তালে তালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটান। দিনব্যাপী আয়োজনে আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও অধিকার রক্ষার বার্তা তুলে ধরা হয়।

মন্তব্য করুন