লক্ষ্মীপুরের দত্তপাড়া ইউনিয়নের রমারখিল গ্রামের ছাত্রদল নেতা সুলতান বাপ্পী দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তিনি মানসিক ভারসাম্য হারান। গত চার বছর ধরে তাকে শেকলবন্দী অবস্থায় রাখতে বাধ্য হয় পরিবার।
সম্প্রতি গণমাধ্যমে খবরটি প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার উন্নত চিকিৎসার দায়িত্ব নেন। এ উপলক্ষে জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা সোমবার বাপ্পীর পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাকে ভিডিও কলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলানো হয়। মঙ্গলবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
বাপ্পীর ভাই মো. ছোলায়মান জানান, ২০২১ সালে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল আয়োজনের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলায় বাপ্পী গুরুতর আহত হন। এরপর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, “বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগত উদ্যোগে বাপ্পীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। আশা করি, চিকিৎসার মাধ্যমে তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।”

মন্তব্য করুন