লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় নেশার টাকা না পেয়ে নিজের বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবক জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বসতঘরের আসবাবপত্রসহ পালিত ২টি গরু ও ৫টি ছাগল পুড়ে মারা গেছে। আগুনে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার গভীর রাত ২ টার দিকে উপজেলার কাশিরাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শফিকুল ইসলাম নামের এক প্রতিবেশীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আগুন নেভাতে গিয়ে বাম হাতে গুরুতর দগ্ধ হন।
অভিযুক্ত যুবক মো. কাবুল মিয়া (৩৪) তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের ৩নং ওয়ার্ডের আহের আলীর ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ বছর ধরে মমতার সাথে কাবুল বিয়ে করে সংসার করে আসছেন শ্বশুর মন্টু হোসেনের বাড়িতে। তাদের দুই মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকাসক্ত কাবুল মিয়া পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। স্ত্রী ও শাশুড়ির কাছে প্রায়ই নেশার টাকা চাইতেন। টাকা না দিলে তিনি গালাগালি, হাত তুলে মারধরসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। গতকাল সোমবার সকালে স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে তিনি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।
মঙ্গলবার গভীর রাতে স্ত্রী মমতা বেগম ও শাশুড়ি রহিমা বেগম ঘুমিয়ে পড়লে হঠাৎ করে স্বামী কাবুল মিয়া বাড়িতে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি আশপাশের বাড়ির বৈদ্যুতিক মোটরের সংযোগ কেটে দেন, ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমজান আলী জানান, “অভিযুক্তের স্ত্রী মমতা বেগম লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন