ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি বাস ও ময়মনসিংহগামী অপর একটি বাস দ্রুতগতিতে চলার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত ১৫ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ভালুকা থানার ওসি জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box