আজ ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেলে ঢাকায় ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী একবারের জন্য হলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের সাম্প্রতিক বৈঠকে অংশ নেওয়া ৩১টি দলের মধ্যে ২৬টি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। এর মধ্যে কিছু দল শুধু উচ্চকক্ষে, আর জামায়াতসহ কয়েকটি দল উভয় কক্ষে এই পদ্ধতি চায়।”
তাহের আরও মন্তব্য করেন, “জোরপূর্বক কেন্দ্র দখল করে এমপি হওয়ার প্রবণতা রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে। এই মানসিকতা পরিবর্তন জরুরি।”
বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন আমির ডা. শফিকুর রহমান, যিনি বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেন। ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বিভিন্ন দিক উঠে আসে।
প্রসঙ্গত, পিআর পদ্ধতির মাধ্যমে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন পায়। এই পদ্ধতির পক্ষে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জোরালো অবস্থান নিয়েছে, যদিও বিএনপি ও সমমনা কয়েকটি দল এর বিরোধিতা করছে।

মন্তব্য করুন