যশোর শহরের চারখাম্বা মোড়ে মঙ্গলবার দুপুরে এক নারীকে কেন্দ্র করে দুই পুরুষের প্রকাশ্য সংঘর্ষের ঘটনায় শেষ পর্যন্ত তিনজনকেই কারাগারে পাঠিয়েছে আদালত।

ঘটনার সূত্রপাত হয় যখন কমলা রঙের সালোয়ার কামিজ পরিহিত সীমা অধিকারীকে ঘিরে তাঁর স্বামী বিকাশ অধিকারী ও পলাশ কুন্ডুর মধ্যে তর্কাতর্কি শুরু হয়। মুহূর্তেই তা হাতাহাতিতে রূপ নেয় এবং স্থানীয়দের ভিড় জমে যায়।

পুলিশ জানায়, বিকাশ ও সীমার দীর্ঘ ৩৬ বছরের দাম্পত্য জীবন রয়েছে এবং তাঁদের দুই সন্তানও আছে। তবে সম্প্রতি সীমা পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যশোরে একটি হোটেলে ওঠেন। খবর পেয়ে বিকাশ সেখানে পৌঁছালে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকেই থানায় নিয়ে আসে।

পলাশ কুন্ডু সাংবাদিকদের বলেন, তিনি ও সীমা স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং একসঙ্গে থাকতে চান। অন্যদিকে সীমা অভিযোগ করেন, বিকাশের সংসারে তিনি দীর্ঘদিন নির্যাতনের শিকার ছিলেন। বিকাশ পাল্টা দাবি করেন, সীমার পরকীয়ার কারণে সংসার ভেঙেছে এবং তিনি টাকা ও গয়না নিয়ে পালিয়েছেন।

থানায় আনার পরও উত্তেজনা থামেনি। একাধিকবার হাতাহাতি হওয়ায় পুলিশ তাঁদের ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠায়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল জামিন নামঞ্জুর করে তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box