গাজীপুর, ১ অক্টোবর ২০২৫ (বুধবার):
গাজীপুরের কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনে শতাধিক পাখি মারা গেছে এবং দোকানিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে পুরাতন মাছ বাজারের পাশে একটি হার্ডওয়্যার স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে প্রচুর রং ও কেমিক্যাল থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের জেএনজি ইলেকট্রনিক্স, শীতল মণ্ডলের পাখির দোকান, রিপা বর্মণের দা–বটির দোকান এবং লিটন ঘোষের দা–বটির দোকানে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পাখি ব্যবসায়ী শীতল মণ্ডল বলেন, “আমার দোকানে থাকা বাজরিগর, ককাটেল, টিয়া, কবুতর, ঘুঘুসহ প্রায় শতাধিক পাখি আগুনে মারা গেছে। দোকানে থাকা খাদ্যও নষ্ট হয়ে গেছে।”
কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তিনি বলেন, “দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় আশপাশের শতাধিক দোকান বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।”
ঘটনার পরপরই কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাস্নীম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে কয়েক দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন