জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে স্থানীয় সময় ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় ১ অক্টোবর সকাল ৯টা ১০ মিনিটে) নিউইয়র্ক ত্যাগ করেন তিনি। বিদায়ের সময় জন এফ কেনেডি বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা। সফরে তাঁর সঙ্গে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।
নয় দিনের এ সফরে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতের রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠক করেন। এছাড়া বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত *সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যান্ড টেকনোলজি* শীর্ষক সাইড ইভেন্টে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। তিনি সাধারণ পরিষদের অধিবেশনেও ভাষণ দেন। পাশাপাশি বিশ্বের ১১টি দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানান। ড. ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের বাংলাদেশ সফর বাড়ানোর আহ্বান জানান। এছাড়া তিনি রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সম্মেলনেও বক্তব্য দেন।

মন্তব্য করুন