শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক ও উদারনৈতিক দল। প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন—কিছু আসনে প্রার্থীর সংখ্যা ১০ থেকে ১২ জন পর্যন্ত। নিয়মতান্ত্রিকভাবে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে নামতে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে।

আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, “৫ আগস্ট জনগণই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। তবে তারা নির্বাচনে অংশ নেবে কি না, তা বিএনপি নয়—জনগণ ও বিচারিক আদালত নির্ধারণ করবে।”

তিনি আরও অভিযোগ করেন, “গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে।” এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা উচিত।

Facebook Comments Box