রোববার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, কমিশন খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আয়োজিত এ বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু এবং তার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও কমিশনের অবস্থান তুলে ধরা হয়।
প্রায় ঘণ্টাব্যাপী চলা বৈঠকে কমিশনের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে বলেন, “কমিশন সব রাজনৈতিক দল থেকে অভূতপূর্ব সহযোগিতা পেয়েছে। গণমাধ্যমের সমর্থনও ছিল অকল্পনীয়।”
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন।

মন্তব্য করুন