শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নে শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলে জন্ম নেয় একটি কন্যাশিশু। হঠাৎ স্কুল ভবন থেকে নবজাতকের কান্না শুনে এলাকাবাসী ছুটে গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
স্থানীয়রা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এবং প্রায়ই লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের ভবনে রাত কাটাতেন। সেদিন সন্ধ্যায় হঠাৎ কান্নার শব্দ শুনে তারা স্কুলে প্রবেশ করেন এবং দেখতে পান, নারীর কোলে সদ্যোজাত শিশু। দ্রুত মা ও শিশুকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক সেবা দেওয়া হয়। শিশুটি সুস্থ থাকলেও মায়ের শারীরিক অবস্থা দুর্বল বলে জানা গেছে।
খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন ননী বলেন, “শিশুটি জন্মের খবর পেয়ে আমরা সামাজিকভাবে আলাদা সেবার ব্যবস্থা করেছি। মা ও শিশু বর্তমানে ভালো আছে, তবে দীর্ঘমেয়াদি সেবা ও নিরাপত্তার জন্য প্রশাসনের ভূমিকা অপরিহার্য।”
শ্রীবরদী সমাজসেবা অফিসার মো. কামরুজ্জামান জানান, ঘটনাটি জানার পর প্রতিনিধি পাঠানো হয়েছে। তিনি বলেন, “হাসপাতালে সমাজসেবা শাখা রয়েছে, তারা চিকিৎসা সহায়তা দেবে। এরপর মা ও নবজাতকের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান বলেন, “মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ওই নারীর পরিচয় শনাক্তে প্রশাসনিক তৎপরতা চলছে।”
স্থানীয়দের মতে, এ ঘটনা শুধু মানবিক দায়িত্ববোধ নয়, সমাজের দুর্বল ও অসহায় মানুষের প্রতি যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তাও নতুন করে স্মরণ করিয়ে দিল।

মন্তব্য করুন