ঢাকা, ২১ অক্টোবর ২০২৫ — ঢাকা মেট্রোরেলে যাত্রীরা স্টেশনে প্রবেশের পর ট্রেনে না উঠেই বেরিয়ে গেলে এখন থেকে দিতে হবে ১০০ টাকা ভাড়া। সোমবার (২০ অক্টোবর) থেকে এ নিয়ম কার্যকর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এর আগে যাত্রীরা স্টেশনে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া দিতে হতো না। তবে নতুন নিয়মে সেই সুবিধা বাতিল করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে গিয়ে দেখা যায়, এ–সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, “একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ।”
কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “এখন থেকে স্টেশনের ভেতরে গিয়ে ফ্রি এক্সিট নেওয়া যাবে না। নিয়মটি গতকাল থেকে কার্যকর হয়েছে।”
তবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, তিনি এ নিয়ম সম্পর্কে অবগত নন। তার মতে, বর্তমানে মেট্রোরেলের নিরাপত্তা বিষয়ক কার্যক্রমে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে, নতুন নিয়মে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে করা পোস্টে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে বলছেন, হঠাৎ জরুরি প্রয়োজনে স্টেশন থেকে বের হতে হলে বা কেউ অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকেও ১০০ টাকা কাটা অন্যায়। কেউ কেউ প্রস্তাব দিয়েছেন, ভাড়া ফাঁকি ঠেকাতে চাইলে ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, তবে সবার জন্য ১০০ টাকা নির্ধারণ অযৌক্তিক।

মন্তব্য করুন