ঢাকা, ২৬ অক্টোবর: পুরান ঢাকার বংশাল এলাকায় প্রেমিকার বাসার সিঁড়ি থেকে সজীব (১৯) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আগামাসি লেনের ৯৩/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
সজীব স্থানীয় বাসিন্দা তাজউদ্দিনের ছেলে। এসএসসি পাস করার পর বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, তবে বর্তমানে বেকার ছিলেন।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারতলার সিঁড়ি থেকে মরদেহ উদ্ধার করে। সজীবের গলায় জিআই তার পেঁচানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, ওই ভবনের চারতলায় একটি পরিবার থাকত, তবে ঘটনাস্থলে গিয়ে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, ওই পরিবারের মেয়ের সঙ্গে সজীবের দীর্ঘদিনের সম্পর্ক ছিল, যা উভয় পরিবারের কেউ মেনে নেয়নি।
নিহতের চাচাতো ভাই মো. ইসলাম জানান, সজীব কয়েকদিন আগে তাবলিগে দোহার গিয়েছিলেন এবং শুক্রবার বাসায় ফেরেন। শনিবার বিকেলে খবর পান যে প্রেমিকার বাসার সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার হয়েছে। তিনি আরও জানান, ছয় বছর ধরে সজীবের সঙ্গে খাদিজা নামের মেয়েটির সম্পর্ক ছিল, তবে মেয়েটির মামারা এ সম্পর্ক মেনে নিতে পারছিলেন না। ঘটনার পর থেকে খাদিজাদের পরিবারকে পাওয়া যাচ্ছে না।
পুলিশ বলছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন