২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার—বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এখন থেকে একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিবন্ধন করা যাবে। নির্ধারিত সীমার বেশি সিম থাকলে তা অবৈধ হিসেবে গণ্য হবে এবং গ্রাহককে আইনগত জটিলতার মুখে পড়তে হতে পারে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে বিটিআরসি নির্দেশনা দিয়েছে, অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে বাতিল করতে হবে। এই উদ্যোগের লক্ষ্য—অবৈধ সিম ব্যবহার রোধ, সাইবার অপরাধ প্রতিরোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা।
সিম বাতিলের পদ্ধতি সম্পর্কে বিটিআরসি জানিয়েছে, প্রথমে সংশ্লিষ্ট অপারেটরের হেল্পলাইনে (যেমন: ১২১) কল করে জাতীয় পরিচয়পত্র নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে। এরপর অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সিম বন্ধ করে দেওয়া হবে।
নিজ নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে *১৬০০১# ডায়াল করে ফিরতি মেসেজে সব নম্বর দেখা যাবে। যদি কোনো নম্বর নিজের না হয়, কিংবা পুরোনো বা অপ্রয়োজনীয় হয়, তাহলে অপারেটরের সঙ্গে যোগাযোগ করে তা বাতিল করতে হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে এনআইডি ভিত্তিক সিম নিবন্ধন চালু করে বিটিআরসি। ২০১৭ সালে একজন ব্যবহারকারীর জন্য সর্বোচ্চ ১৫টি সিমের সীমা নির্ধারণ করা হয়। তবে সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, এখন একজনের নামে সর্বোচ্চ ১০টি সিম অনুমোদিত।
বিটিআরসি গ্রাহকদের নিজ উদ্যোগে সিম যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বন্ধ করার অনুরোধ জানিয়েছে।

মন্তব্য করুন