ঢাকা, ৭ নভেম্বর ২০২৫: ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের ক্ষমতায় আসা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়েছে।

সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। সেই বিপ্লবের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। মাত্র চার বছরে তিনি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আনেন।”

তিনি আরও উল্লেখ করেন, জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন, মুক্তবাজার অর্থনীতি চালু করেন এবং গণমাধ্যম ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। তার ভাষায়, “জিয়ার স্থাপিত ভিত্তির ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”

বর্তমান প্রেক্ষাপটে তিনি বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানের পর গণতন্ত্র ধ্বংসের নানা চক্রান্ত চলছে। তাই ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।”

বিএনপি মহাসচিব এ সময় জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box