কুমিল্লা, ১০ নভেম্বর — জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করায় তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।
সোমবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিতর্কিত বক্তব্যটি দেওয়া হয় গত ৭ নভেম্বর গাজীপুরের তিতাস ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায়। সভায় মেহেদী হাসান সেলিম বলেন, “জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।” তাৎক্ষণিকভাবে তিনি বক্তব্য সংশোধন করে বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করেন। উপস্থিত নেতারা তখন সাংবাদিকদের ভিডিও বন্ধ করতে বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূঁইয়া এবং প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক ছড়ালে মেহেদী হাসান সেলিম তার ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতি দেন। তিনি লেখেন, “বক্তব্যের সময় ভুলক্রমে অন্য একটি নাম উচ্চারণ করি, যা সঙ্গে সঙ্গে সংশোধন করে উপস্থিত নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়েছি।”
বিএনপির অভ্যন্তরে এ ঘটনাকে ‘গুরুতর বিভ্রান্তিকর’ হিসেবে দেখা হচ্ছে এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন