শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে এক জনসভা শেষে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, জাতীয় সংসদ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে সাধারণ মানুষের মনে গভীর প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি উল্লেখ করেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর নানা দাবি-দাওয়া নির্বাচনী পরিবেশকে জটিল করে তুলেছে। কেউ বলছে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) না হলে তারা নির্বাচনে যাবে না, কেউ গণভোটের দাবি তুলছে, আবার কেউ ১৪ দলকে নিষিদ্ধ করার শর্ত দিচ্ছে। এসব অবস্থার কারণে নির্বাচন ঘিরে এক ধরনের অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।
রুমিন ফারহানা আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও সরকারে না থেকেও অনেকেই সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন এবং তা ছাড়তে অনিচ্ছুক। এ বাস্তবতা মানুষের মনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন জাগিয়েছে।
মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিগত ১৭ বছর আমি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকেছি, দলের নেতাকর্মীদের সঙ্গে থেকেছি। তাই আমার রাজনৈতিক পথ নির্ধারণ করবে দলের সিদ্ধান্তই।”
জনসভাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামান। বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি প্রমুখ।
—

মন্তব্য করুন