ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোকে তাদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে অংশ নিয়ে তিনি এ তথ্য দেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “পর্যবেক্ষকরা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।” তিনি পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।

সানাউল্লাহ বলেন, “বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে। এর ব্যত্যয় ঘটাতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং ভোটার উপস্থিতি বেশি থাকবে।”

পর্যবেক্ষকদের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পক্ষপাতিত্ব করলে তা গ্রহণযোগ্য হবে না। মানহীন পর্যবেক্ষক নির্বাচনে প্রয়োজন নেই। বিদেশি নাগরিকরা দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষক হতে পারবেন না; তাদের নিজস্ব আইন অনুযায়ী বিদেশি পর্যবেক্ষক হিসেবে আবেদন করতে হবে।

তিনি আরও জানান, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন—এই তিন দিন পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষক ঠেকাতে এবার পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করা হবে।

Facebook Comments Box