ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে হাসপাতালে ভিড় করেন দলের শীর্ষ নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও মির্জা আব্বাসসহ নেতারা হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নেন। প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দারও সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে রাজধানীর বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নয়াপল্টন জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা। সাংবাদিকদের সঙ্গে আলাপে মির্জা ফখরুল বলেন, “দেশবাসীর কাছে আমাদের নেত্রীর সুস্থতার জন্য দোয়া চাই।”
রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তৃণমূল নেতাকর্মীরাও অংশ নেন। এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং চিকিৎসায় কোনো ঘাটতি না রাখার নির্দেশ দেন।

মন্তব্য করুন