তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) পরিচালিত ‘সম্প্রচার পরিবেশের উন্নয়ন সহায়তা প্রকল্প’ (SIBE–NIMC Project) এর আওতায় জুলাই যোদ্ধাদের জন্য আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার দারুস সালাম ইনস্টিটিউট ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলা প্রশিক্ষণে অংশ নেন ১৯ জন তরুণ জুলাই যোদ্ধা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআইএমসির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আব্দুল্লাহ। বক্তব্য দেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আবু সাদেক ও কোর্স পরিচালক সুমনা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণার্থী ইসরাত জাহান তুশী।

সভাপতির বক্তব্যে মুহম্মদ হিরুজ্জামান জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,
“বীর যোদ্ধাদের কারণেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। গণতন্ত্র রক্ষা ও ফ্যাসিবাদমুক্ত করতে তারা যে ঝুঁকি নিয়েছেন, জাতি তা কখনো ভুলবে না।”
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি এম আব্দুল্লাহ বলেন,
“জুলাই যোদ্ধাদের এই পেশায় আগ্রহ গণমাধ্যমের জন্য আশাব্যঞ্জক। সত্যের পক্ষে দাঁড়াতে যারা প্রস্তুত—তাদের হাতেই শক্তিশালী গণমাধ্যম গড়ে উঠবে।”

প্রকল্প পরিচালক মোহাম্মদ আবু সাদেক জানান, দক্ষ মানবসম্পদ তৈরি ও মিডিয়া ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করতে এনআইএমসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপদেষ্টা ও মহাপরিচালকের সহায়তায় এই প্রশিক্ষণ দ্রুত আয়োজন সম্ভব হয়েছে।

পাঁচ দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা অনুসন্ধানী সাংবাদিকতার নীতি, উৎস সুরক্ষা, তথ্য যাচাই, সাক্ষাৎকার কৌশল, ডেটা স্টোরিটেলিং ও ভিজ্যুয়াল রিপোর্টিংসহ বিভিন্ন হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থী আবু হানিফ বলেন,
“অনুসন্ধানী সাংবাদিকতা জটিল বিষয় হলেও এই প্রশিক্ষণ আমাদের জন্য তা সহজ করেছে। আমি এই পেশায় যাত্রা শুরু করতে চাই।”

প্রকল্পের আওতায় কোরিয়া সরকারের অনুদানে আধুনিক টিভি স্টুডিও, MAM সিস্টেম ও শুটিং ভ্যান সরবরাহ করা হয়েছে, যা ভবিষ্যতের প্রশিক্ষণকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করবে।

SIBE–NIMC প্রকল্পের অধীনে এখন পর্যন্ত ১৫টি কর্মশালা সম্পন্ন হয়েছে এবং ৩৩০ জনের বেশি সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী প্রশিক্ষণ লাভ করেছেন। সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box