শীতকালীন অবকাশ এবং ডিসেম্বরের কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবস উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ ছুটিতে যাচ্ছে। আগামী ১১ ডিসেম্বর থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে এই ছুটি, যা চলবে মাসের শেষ পর্যন্ত। তবে এই অবকাশের মধ্যেই শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে হবে মহান বিজয় দিবস উদযাপন ও বিভিন্ন স্তরের বৃত্তি পরীক্ষায়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, প্রধান শিক্ষকের হাতে থাকা তিন দিনের ছুটিসহ ২০২৫ সালে মোট ৭৮ দিন ছুটি ছিল। বছরের শেষ এই লম্বা ছুটি শুরু হচ্ছে ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে। শীতকালীন অবকাশ, বিজয় দিবস এবং যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে এই ছুটি চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে মাধ্যমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর (রবিবার) থেকে। ১২ ও ১৩ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটির পরদিন থেকেই কার্যত বন্ধ হয়ে যাচ্ছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এই ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর।

যদিও শিক্ষাপঞ্জি অনুযায়ী এই লম্বা অবকাশ ঘোষিত হয়েছে, তবুও গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচিতে ব্যস্ত থাকতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হবে ছুটি শেষ হওয়ার দিন, অর্থাৎ ২৮ ডিসেম্বর থেকে। তা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ ছাড়া, সব শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের নির্দেশনা রয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসা—সব স্তরের শিক্ষার্থীরাই এই আনুষ্ঠানিকতায় যোগ দিতে প্রতিষ্ঠানে উপস্থিত হবেন। ছুটির কারণে বছরের শেষদিকে সরকারি চাকরিজীবীরাও টানা অবকাশ উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

Facebook Comments Box