আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের’ দমনের লক্ষ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চালু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

তিনি উল্লেখ করেন যে, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান অভিযান আরও বেশি জোরদার ও বেগবান করার উদ্দেশ্যেই এই কঠোর অপারেশন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনকে বানচাল বা বাধাগ্রস্ত করার যেকোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরকার গভীর দুঃখ প্রকাশ করেছে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই আক্রমণের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে এবং জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দ্রুত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এই সভা থেকে আরও দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসে। প্রথমত, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। তাদের জন্য একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত সার্বিক বিষয় পর্যালোচনার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

দ্বিতীয়ত, যারা নির্বাচনে অংশ নেবেন, তাদের মধ্যে যারা আগ্নেয়াস্ত্র চান, তাদের লাইসেন্স দেওয়া হবে এবং নির্বাচনের আগে যাদের অস্ত্র সরকারের কাছে জমা থাকে, সেগুলোও ফেরত দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Facebook Comments Box