আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টেলিভিশন টকশো এবং নির্বাচনি সংলাপে শিষ্টাচার বজায় রাখার কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থীর প্রতি ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি বা হেয়প্রতিপন্ন করার মতো বক্তব্য প্রচার না করতে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। একইসঙ্গে বিষয়টি কার্যকর করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে।

ইসি স্পষ্ট জানিয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ২৫ নম্বর বিধি অনুযায়ী, নির্বাচনি সংলাপে অংশগ্রহণকারী প্রার্থীরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দিতে পারবেন না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সকল প্রার্থীর জন্য গণমাধ্যমে সমান সুযোগ নিশ্চিত করা চ্যানেলগুলোর দায়িত্ব।

নির্বাচনি পরিবেশ রক্ষায় টেলিভিশন চ্যানেলগুলোকে যেকোনো বক্তব্য বা অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। কোনো বিশেষ দল বা প্রার্থীর পক্ষ নিয়ে পক্ষপাতমূলক প্রচার চালানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। প্রচারের সময় নির্ধারিত হয়েছে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

Facebook Comments Box