সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
ডা. জাহিদ জানান, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বেগম জিয়াকে যে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে, তা তিনি গ্রহণ করতে পারছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকরা তাঁর দ্রুত সুস্থতার ব্যাপারে আশাবাদী। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিদিন সমন্বয় করে তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তদারকি করছেন এবং পরিবারের সদস্যরা নিয়মিত তাঁর খোঁজখবর রাখছেন। তবে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) থাকায় সুরক্ষার স্বার্থে তাঁর পাশে সার্বক্ষণিক কেউ থাকতে পারছেন না। দেশবাসীর কাছে বেগম জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন ডা. জাহিদ।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর দীর্ঘ বিরতির পর জনসম্মুখে এসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন বেগম খালেদা জিয়া। এর মাত্র দুদিন পর, ২৩ নভেম্বর শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে সংক্রমণ হার্ট ও ফুসফুসে ছড়িয়ে পড়লে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন।

মন্তব্য করুন