ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাবে আকাশচুম্বী ও অস্বাভাবিক লেনদেনের তথ্য উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফয়সাল ও তার স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে ১২৭ কোটি টাকার বেশি লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সিআইডির পক্ষ থেকে জানানো হয়, এই বিপুল পরিমাণ অর্থ আদান-প্রদান মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের অংশ হতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান শুরু করেছে সিআইডির বিশেষ টিম।

অভিযান চলাকালে ফয়সালের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের একাধিক চেকবই উদ্ধার করা হয়। এসব চেকে বিভিন্ন অংকের অর্থের উল্লেখ থাকলেও লেনদেনগুলো এখনো সম্পন্ন হয়নি। তবে উদ্ধারকৃত এই রেকর্ডগুলোর মোট আর্থিক মূল্য প্রায় ২১৮ কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

সিআইডির বিশ্লেষণ বলছে, ১২৭ কোটি টাকার বাস্তব লেনদেন প্রচলিত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে মূল অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়া দ্রুত শুরু করা হচ্ছে।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান, এই বিশাল অর্থের উৎস ও সরবরাহকারীদের চিহ্নিত করতে গভীর অনুসন্ধান চলছে। এই অর্থ কোনো রাজনৈতিক বা দেশবিরোধী অস্থিরতা তৈরির জন্য ব্যবহৃত হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box