লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ ও শিশু কন্যা নিহতের ঘটনায় চার দিন পর মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে এই মামলা করেন ভুক্তভোগী বেলাল হোসেন।

গত শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এই নারকীয় ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে আয়েশা আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন এবং তার আরও দুই কন্যা বিথী ও স্মৃতি গুরুতর দগ্ধ হন। আহত দুই বোন বর্তমানে ঢাকা বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাদের শরীরের বড় একটি অংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনার চার দিনেও কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দেখতে যান কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

দলটির পক্ষ থেকে দগ্ধ বেলাল হোসেনের হাতে ৪ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া পরিবারটির চিকিৎসা ও ঘর নির্মাণের পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি নেতারা।

Facebook Comments Box