ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন তারা।
আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় চারপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালে তারা হাদি হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, বিচার প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না এবং প্রয়োজনে সেখানেই রাত্রিযাপন করবেন।
এর আগে গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে রিকশায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্তব্য করুন