কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করে রাখা সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যটকদের নিয়ে সেন্টমার্টিন যাত্রার প্রস্তুতির আগেই জাহাজটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে অগ্নিকাণ্ডের সময় কোনো পর্যটক জাহাজে অবস্থান না করায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহাজটি আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি নোঙর করা অবস্থায় থাকায় পর্যটকদের কোনো ক্ষতি হয়নি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত, তা তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Facebook Comments Box