হিমালয় পাদদেশীয় জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে মাঝারি শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত করেছে স্থানীয় আবহাওয়া অফিস। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসের কারণে জেলাজুড়ে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আজ ভোরে বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটারের মধ্যে ওঠানামা করছে। বুধবার (৭ জানুয়ারি) এই তাপমাত্রা আরও কম ছিল (৭.৫ ডিগ্রি সেলসিয়াস)। বর্তমান পরিস্থিতিকে আবহাওয়াবিদ্যা অনুযায়ী মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, কুয়াশার দাপটে সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন পাথর শ্রমিক ও ভ্যানচালকরা। কনকনে ঠান্ডায় কাজ করতে না পারায় নিম্নআয়ের মানুষের আয়ে টান পড়েছে। পাথর শ্রমিক সোহরাব আলী জানান, হাত বরফ হয়ে যাওয়ার মতো ঠান্ডার কারণে সকালে পাথর উত্তোলনের কাজ ব্যাহত হচ্ছে।
এদিকে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও বৃদ্ধদের ভিড় বাড়ছে। বিশেষ করে ছিন্নমূল ও নদী তীরের বাসিন্দাদের জন্য এই আবহাওয়া চরম ভোগান্তি বয়ে এনেছে।

মন্তব্য করুন