ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে ১১ দলীয় জোটের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন রহস্যজনকভাবে স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আইডিইবি ভবনে এই ঘোষণা আসার কথা থাকলেও দুপুর সোয়া ২টার দিকে আকস্মিক এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী স্থগিতের বিষয়টি নিশ্চিত করে।

জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ‘অনিবার্য কারণ’ ও ‘প্রস্তুতির ঘাটতি’র কথা বললেও নেপথ্যে শরিক দলগুলোর মধ্যে তীব্র মতভেদের ইঙ্গিত পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে কাঙ্ক্ষিত আসন সংখ্যা নিয়ে জামায়াতের সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি।

জানা গেছে, ইসলামী আন্দোলন ৫০টির বেশি আসন দাবি করলেও জামায়াত ৪০টির বেশি ছাড় দিতে নারাজ। একইভাবে খেলাফত মজলিস ৩০টি আসন চাইলেও তাদের ২০টির বেশি দিতে রাজি নয় জোটের শীর্ষ দল। এই সংখ্যাতাত্ত্বিক জটিলতা নিরসনে বুধবার সকালেও একাধিক বৈঠক হয়েছে, যা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি।

এই স্থগিতাদেশ জোটের ঐক্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তে বড় কোনো ছাড় না দিলে কিছু শরিক দল এককভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দিতে পারে। পরবর্তী সংবাদ সম্মেলনের সময় পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box