আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থীদের ‘একবক্স নীতি’র সিদ্ধান্তে এখনও অটল রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আসন সমঝোতা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়।
বৈঠক শেষে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশ ও ইসলামের স্বার্থে পীর সাহেব চরমোনাই যে ‘একবক্স’ বা একক বাক্সের নীতির ডাক দিয়েছিলেন, দলটি সেই আদর্শিক অবস্থানেই অবিচল। তিনি আরও উল্লেখ করেন, এই নীতির রূপরেখা ও ধরণ দ্রুতই জাতির সামনে পরিষ্কার করা হবে।
উল্লেখ্য, আজই জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা নিয়ে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনকে আমন্ত্রণ জানানো হয়নি এবং দলটি সেখানে থাকছে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আসন সমঝোতা নিয়ে জোটের ভেতরে জটিলতা ও পারস্পরিক দাওয়াতের ঘাটতি থাকায় ইসলামী আন্দোলন এককভাবে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার ইঙ্গিত দিয়েছে।

মন্তব্য করুন