রাজধানীতে তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জুরাইন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কদমতলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বক্তারা অভিযোগ করেছেন, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ‘আওয়ামী দোসরদের’ কারণেই সাধারণ মানুষ আজ এলপি গ্যাস পাচ্ছে না।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, “সারাদেশে এখন যে গ্যাসের হাহাকার, তা সম্পূর্ণ কৃত্রিম। সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না কারণ ৫ আগস্টের পরও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী দোসররা সক্রিয় রয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা ক্ষমতা দখলের নেশায় মত্ত হয়ে সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। এমনকি চাঁদার ভাগাভাগি নিয়ে তারা নিজেদের নেতাকর্মীদের হত্যা করছেন বলেও দাবি করেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারির গণভোট প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। তিনি বলেন, “যদি গণভোটে প্রস্তাবনা পাস হয়, তবে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলেই মানুষ স্বৈরাচার হয়ে ওঠে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচার বিভাগকে প্রভাবমুক্ত করতে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।”

মন্তব্য করুন