দোকানপাট বন্ধ রেখে চলমান আন্দোলনের মুখে আমূল সিদ্ধান্তের কথা জানালো দেশের মোবাইল ফোন বিক্রেতাদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’। দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং দোকানপাট বন্ধ থাকা অবস্থায় সব ধরনের ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে তারা।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এই কঠোর সিদ্ধান্ত জানানো হয়। ব্যবসায়ীরা বলছেন, দাবি আদায়ে সারাদেশে দোকানপাট বন্ধ থাকায় আয়-রোজগার সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। এই অবস্থায় ব্যাংক ঋণ শোধ করা অসম্ভব।

বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীরা দাবি করেন, মোবাইল খাতে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে। ব্যবসা সচল ও বৈধ ছিল বলেই ব্যাংকগুলো এতদিন নিয়মিত কিস্তি আদায় করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কোনো সমাধান না আসায় তারা এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।

সংগঠনটি আরও জানায়, যারা এই ব্যবসাকে ‘অবৈধ’ বা ‘ছায়া অর্থনীতি’ বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, ব্যাংকগুলোর হাজার হাজার কোটি টাকার ঋণই তাদের বৈধতার সবচেয়ে বড় প্রমাণ। বিজ্ঞপ্তিতে স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলা হয়েছে, “দাবি মেনে নিয়ে সমাধান দিলেই ব্যবসা সচল হবে, আর ব্যবসা চললেই কেবল ব্যাংকের কিস্তি চলবে।”

দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনের ফলে দেশের স্মার্টফোন ও গ্যাজেট বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়লেও ব্যবসায়ীরা তাদের অবস্থানে অনড়।

Facebook Comments Box