কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রার্থিতা ফিরে পেতে বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর শেষ চেষ্টাও ব্যর্থ হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তাঁর দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতার পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেল।

বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বহাল রাখায় এই আসনে ধানের শীষের কোনো প্রার্থী থাকছে না বলে ধারণা করা হচ্ছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল শুনানির মাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ঋণখেলাপির তথ্য গোপন করার অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। যদিও এর আগে রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ের সময় মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।

মুন্সীর আইনজীবীরা গত সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্টে রিট আবেদনটি জমা দেন। মঙ্গলবার শুনানির কথা থাকলেও আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা-কর্মীদের ভিড়ের কারণে বিচারক বুধবার শুনানির দিন ধার্য করেন। আজ উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শেষে আদালত রিটটি খারিজ করেন।

কুমিল্লার দেবিদ্বারের চারবারের সাবেক এই সংসদ সদস্যের প্রার্থিতা বাতিলের খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা নেমে আসে। সংশ্লিষ্টরা বলছেন, এই রায়ের ফলে কুমিল্লা-৪ আসনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর পথ অনেকটা সুগম হলো।

Facebook Comments Box