আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর জোট থেকে বেরিয়ে আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করীমকে (পীর সাহেব চরমোনাই) অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই সাহসিকতাপূর্ণ সিদ্ধান্তের প্রশংসা করেন।
হেফাজত আমির তাঁর বিবৃতিতে বলেন, ৫ আগস্টের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সহীহ আকিদাবিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের একটি বৃহত্তর ঐক্য গড়ার কাজ চলছে। সেখানে মওদুদীবাদী হিসেবে পরিচিত জামায়াতকে বাদ দিয়ে একক পথচলা শুরু করা ছিল সময়ের দাবি। পীর সাহেব চরমোনাই সেই পথে হেঁটে হকপন্থি রাজনীতির জন্য একটি সঠিক মাইলফলক তৈরি করেছেন।
আল্লামা বাবুনগরী আরও বলেন, “জামায়াতের সঙ্গে জোটবদ্ধ থাকার কারণে দেশের ইসলামপন্থার বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। ইসলামী আন্দোলনের এই সিদ্ধান্তের ফলে সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ হয়েছে।” তিনি বিশ্বাস করেন, ইসলামের নামে যারা ভ্রান্ত আকিদা পোষণ করে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
নির্বাচনে সরাসরি কোনো দলের পক্ষে অবস্থান না নেওয়ার পুরনো নীতি পুনর্ব্যক্ত করে হেফাজত আমির বলেন, যারা নিরেট ইসলামপন্থা ধারণ করে, জনগণ তাদেরই বেছে নেবে। একই সঙ্গে উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে চলার আহ্বান জানান তিনি।
বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের দূরত্ব এবং হেফাজতের সমর্থন কওমি ঘরানার রাজনীতিতে নতুন কোনো মেরুকরণের সংকেত দিচ্ছে।

মন্তব্য করুন