আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আবারও চালু করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ জানুয়ারি (রবিবার) থেকে নাগরিকরা তাদের পরিচয়পত্রের সব ধরনের তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটার তালিকা চূড়ান্ত করার কাজের সুবিধার্থে গত ২৪ নভেম্বর থেকে এনআইডি সংশোধন (জরুরি কিছু সেবা ছাড়া) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। আগামী রবিবার থেকে এই কার্যক্রম আবারও পুরোদমে শুরু হবে।

ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। নির্বাচন কমিশন ইতোমধ্যে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় গোপন বুথের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে কমিশন। ভোট গ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালুর ফলে ভোটার তালিকায় নাম বা তথ্য নিয়ে জটিলতায় থাকা নাগরিকরা ভোটের আগেই তাদের তথ্য হালনাগাদ করার সুযোগ পাচ্ছেন।

Facebook Comments Box