বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে তিস্তা, ধরলা, করতোয়া ও ব্রহ্মপুত্রসহ উত্তরবঙ্গের মৃতপ্রায় নদীগুলোকে পুনরুজ্জীবিত করার মেগা পরিকল্পনা গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

নদীকে জীবনের ‘রক্তনালী’ হিসেবে অভিহিত করে ডা. শফিকুর রহমান বলেন, বিগত ৫৪ বছরে সরকারগুলোর চরম অবহেলায় একসময়ের প্রমত্তা নদীগুলো আজ মরুভূমির কঙ্কালে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, নদী ও মিঠা পানির অভাবেই উত্তরবঙ্গের জমির উর্বরতা কমছে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি অঙ্গীকার করেন, জামায়াত সরকার গঠন করলে উত্তরবঙ্গকে একটি কৃষিভিত্তিক সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করা হবে।

আধিপত্যবাদ ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, “আমরা কারো ওপর নজরদারি করতে চাই না, আবার কেউ আমাদের ওপর হুকুম চালাবে—সেটাও বরদাশত করা হবে না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমরা সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই।” আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আবু সাঈদের মতো শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এবং ফ্যাসিবাদমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে জনগণকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box