২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা প্রদান করে অধ্যাদেশ জারি করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার সর্বাত্মক গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নির্দেশিত সশস্ত্র আক্রমণ প্রতিরোধ এবং জনশৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের আত্মরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ অনিবার্য ছিল। সংবিধানের ৪৬ অনুচ্ছেদ অনুযায়ী এই সুরক্ষা প্রদান করা প্রয়োজন বলে সরকার মনে করে।

সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বিদ্যমান পরিস্থিতিতে জরুরি ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা প্রতীয়মান হওয়ায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন। এর আগে গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছিল।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ইতিপূর্বে জানিয়েছিলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অধ্যাদেশ জারির মাধ্যমে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হওয়া সম্ভাব্য ফৌজদারি দায়বদ্ধতার অবসান ঘটল।

Facebook Comments Box