রাজবাড়ী আদালত চত্বরে রাজনৈতিক স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহিন শেখের হাজিরা চলাকালীন এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রলীগ সভাপতি শাহিন শেখকে আদালতে হাজির করা হলে তার সমর্থকরা সেখানে স্লোগান দেওয়া শুরু করেন। আদালত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে শাহিন শেখ দেশত্যাগের চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
রাজবাড়ী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানিয়েছেন, আদালত এলাকায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে আদালত পাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন