ঢাকা-১৮ আসনের খিলক্ষেত এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে ১১ দলীয় ঐক্য সমর্থিত এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৬ জানুয়ারি) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সোমবার সকালে খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় আরিফুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। এই ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন না করার আহ্বান জানিয়েছে দলটি।

মন্তব্য করুন