ব্যবসা ও বিনিয়োগ সেবাকে আরও গতিশীল করতে দেশের প্রধান ছয়টি বিনিয়োগ উন্নয়ন সংস্থাকে একীভূত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এই তথ্য নিশ্চিত করেন।
একীভূত হতে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চতুর্থ গভর্নিং বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে একটি বিশেষ উপদেষ্টা কমিটির সুপারিশের ভিত্তিতে এই একীভূতকরণের প্রস্তাব অনুমোদন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একীভূতকরণের প্রক্রিয়া ও নতুন সংস্থার নকশা তৈরির দায়িত্ব দেওয়া হবে একটি স্বাধীন আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানকে। বর্তমান অন্তর্বর্তী সরকার এই প্রশাসনিক কাঠামো চূড়ান্ত করবে এবং পরবর্তী নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে। মূলত বিনিয়োগকারীদের ওয়ান-স্টপ সেবা নিশ্চিত করতে এবং এজেন্সিদের মধ্যে সমন্বয় বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন