আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে গণভোট আয়োজনের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকার বিশাল বাজেট অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ জানুয়ারি) কমিশনের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বরাদ্দ চূড়ান্ত করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ব্যয়ের অঙ্ক বাড়ছে প্রায় ৮২৪ কোটি টাকা।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, অনুমোদিত বাজেটের সিংহভাগই ব্যয় হবে আইনশৃঙ্খলা রক্ষায়। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। এছাড়া নির্বাচন পরিচালনা খাতে ১ হাজার ২০০ কোটি এবং গণভোট ও পোস্টাল ব্যালটসহ আনুষঙ্গিক অন্যান্য খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতির প্রয়োজনে এই অঙ্ক আরও বাড়তে পারে বলে জানিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ব্যয় হয়েছিল ২ হাজার ২৭৬ কোটি টাকা। এবার সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোট ও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের প্রক্রিয়া যুক্ত হওয়ায় বাজেট বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে। এবারের নির্বাচনে উন্নত প্রযুক্তি ও বাড়তি নিরাপত্তার কারণে ব্যয় কাঠামোতে বড় পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন