জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিকে দুর্নীতি ও লুটপাটমুক্ত করতে সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা খেলা চেইজ (পিছু ধাওয়া) করব না, বরং খেলা পাল্টে দেব।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নবীনগর-৫ আসনের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফির সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

বিগত নির্বাচনগুলোর সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, এমনকি মৃত ব্যক্তিও ভোট দিয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতা এসব অপকর্মের জবাব দিয়েছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “পাঁচশ বা এক হাজার টাকার বিনিময়ে একদিন ভালো থাকবেন, নাকি ভোট দিয়ে পাঁচ বছর দেশের মালিক হবেন—সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে।”

প্রশাসন ও গণমাধ্যমের একাংশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, কিছু গণমাধ্যম নির্দিষ্ট দলের পক্ষে পক্ষপাত করছে। আগামী নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ না থাকলে জনগণ তাদের ‘লাল কার্ড’ দেখাবে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আবারও ৫ আগস্টের মতো আন্দোলনের মুখে পড়ার হুঁশিয়ারি দেন তিনি।

নবীনগর উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মো. মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল বাতেন। সভায় স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা নবীনগরের উন্নয়নের নামে চলে আসা বৈষম্য ও অনিয়ম দূর করতে রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box